ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সময়: ০১:৩০:২৯ PM

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-03-2026 11:31:35 AM
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটির মতো মামলা আছে।জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন তিনি। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন।

মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় ফেনী-৩ আসনের এমপি ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাপাতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান।