ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
সময়: ০৯:৩৫:২৯ PM

আগামী অর্থবছরে মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
30-06-2026 08:10:42 PM
আগামী অর্থবছরে মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

আগামী ২০২৭-২৮ অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আগামী অর্থবছরের বাজেটে রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন। তবে এ বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালা অনুসারেই এমপিওভুক্তির কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, “প্রেসক্লাবে গেলেই দেখা যায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এমপিওর দাবিতে অনশন করছেন। কিন্তু এমপিও দেওয়ার জন্য একটি সিস্টেম ও নীতিমালা রয়েছে। যে প্রতিষ্ঠান নীতিমালার শর্ত পূরণ করবে, তারাই এমপিও সুবিধা পাবে।”

মন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক ইবতেদায়ি মাদ্রাসাকে ব্যানবেইস নম্বর দেওয়া হলেও সেগুলোর যথাযথ পরিদর্শন, যাচাই-বাছাই কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন হয়নি। এজন্য প্রথমে এসব বিষয় সুশৃঙ্খল করা হবে।

তিনি জানান, যাচাই-বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে আগামী অর্থবছরে এমপিওভুক্ত করা হবে। “আগামী বাজেটে এ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি অবশ্যই একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় সম্পন্ন হবে,” বলেন তিনি।

আগের সরকারগুলোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে পরিকল্পনাহীনভাবে কাজ হয়েছে। বর্তমান সরকার এসব সমস্যা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিয়েছে।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা এবং দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় যুক্ত করতে হবে।

তিনি বলেন, “ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। এ খাতকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং আধুনিক কারিকুলামের বিকল্প নেই।”

মাদ্রাসা শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।