ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
সময়: ১১:৫৮:০৪ PM

ইসরায়েল ও ইরানকে থামতে বললেন ট্রাম্প

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-06-2026 11:58:04 PM
ইসরায়েল ও ইরানকে থামতে বললেন ট্রাম্প

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৮ জুন) তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।সোমবার সকালে দেওয়া এই পোস্টে তিনি উভয় দেশকে পাল্টাপাল্টি হামলা থামানোর জোরালো আহ্বান জানান। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতের ঘটনা।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। 

এই সংঘাত আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

এমন এক সংকটময় মুহূর্তে ট্রাম্পের এই বার্তা দুই দেশের প্রতি সংঘাত থামানোর জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।হোয়াইট হাউজের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে, ওয়াশিংটন এই অঞ্চলে আর কোনো বড় ধরনের যুদ্ধ দেখতে চায় না। 

ট্রাম্পের এই সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা মূলত সেই অবস্থানকেই আরও জোরালো করল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে ইরান বা ইসরাইল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।এদিকে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্ক হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ফোনে কথাও বলেছেন। 

প্রায় আধঘণ্টা কথা হয়েছে দু’জনের। ইরানে এখনই কোনও প্রত্যাঘাত করতে ইসরায়েলকে নিষেধ করেছেন ট্রাম্প। 

তবে সেই নির্দেশ অমান্য করেই ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার সকালেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে ইরানের রাজধানী তেহরানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকারি সংবাদসংস্থা মেহের নিউজ।