ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
সময়: ০৫:৫৮:৪৯ AM

‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, ক্ষোভ জামায়াতের

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
16-11-2026 07:42:49 PM
‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, ক্ষোভ জামায়াতের

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেওয়া কোনো নোটিশই আলোচনার জন্য এনডোর্স না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ নিশ্চিত না হলে সংসদে বসে থাকার কোনো অর্থ হয় না।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘আপনার প্রেজেন্সে নেগোসিয়েশন করে আলাপ-আলোচনার মাধ্যমে এই তারিখটা নির্ধারণ হয়েছিল। আমার জানার বিষয়, আমাদের এই অধিবেশন আর মাত্র দুদিন চলবে। এই সময়ের মধ্যে এই নোটিশটি আলোচনায় আবার আসবে কি না এবং আলোচনা হওয়ার সুযোগ আছে কি না?’

তিনি বলেন, ‘যদি এই উত্তরটা পাই, তাহলে আমার পরের কথা আর লাগবে না। যদি ইয়েস হয়, তাহলে তো আর আমার আলোচনা দরকার নেই।’

জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘বিষয়টা আপনি সঠিক বলেছেন, বুধবারে আলোচনা হয়েছিল এবং আলোচনার প্রেক্ষিতে মাননীয় সরকারি দলের চিফ হুইপ এবং আপনাদের আলোচনার প্রেক্ষিতে রবিবারে ফিক্স করা হয়েছিল। যেহেতু গতকাল মাননীয় স্পিকার মহোদয় সেটা স্থগিত ঘোষণা করেছেন, আমি তাঁর সঙ্গে একটু কমিউনিকেশন করে পরবর্তীতে হয়তো এ বিষয়ে কিছু বলতে পারব। আর আজকের কার্যতালিকায় এই বিষয়টা যেহেতু অন্তর্ভুক্ত নেই, স্পেসিফিক্যালি অ্যাড্রেস করার সুযোগ আজকেও অন্তত নেই।’

ডেপুটি স্পিকারের বক্তব্যের পর আবার দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি যা বলেছেন, তা যথাযথই বলেছেন। কিন্তু জাতীয় স্বার্থে আমরা মনে করি, এই নোটিশটা আলোচনা হওয়া দরকার। এটা কোনো দলের নয়, এটা জাতির, শিল্প আমাদের বাঁচাতেই হবে।’