ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬,
সময়: ০৬:০৮:২৪ PM

আ.লীগের পরিণতির কথা ভাববেন বিএনপিকে নাহিদ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-07-2026 04:54:45 PM
আ.লীগের পরিণতির কথা ভাববেন বিএনপিকে নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, ‘আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফোটানো হয়, বোমা মারানো হয়।’ তার হুঁশিয়ারি, ‘কেউ যদি আবার একদলীয় শাসন শুরু করার কথা ভাবেন, তার আগে আওয়ামী লীগের পরিণতির কথা ভাববেন।’  তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৬ বছরে একদলীয় শাসন কায়েম করে পরে হেলিকপ্টারে করে দিল্লিতে পালাতে হয়েছে। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে। বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব।’মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্তরে জুলাই পথযাত্রা ও পথসভায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না। বিগত সময় একটা দলের শাসন ছিল। আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো। গুম করা হতো, হয়রানি করা হতো।’ 

নাহিদ আরও বলেন, ‘আমরা দেখছি বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল শুধু তারাই কথা বলবে। অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না।’ 

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।