ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সময়: ১০:৩৪:২৪ PM

গণভোটের রায় উপেক্ষিত: নাহিদ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
16-07-2026 08:05:13 PM
গণভোটের রায় উপেক্ষিত: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে সত্তর শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। অথচ বর্তমান সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গণভোটের রায় তারা কার্যকর না করে মুখে মুখে জুলাই বাস্তবায়নের কথা বলে তারা জনগণের সাথে প্রতারণা করছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।নাহিদ হাসান বলেন, ‘এই দুই বছরে অনেকগুলো মামলার রায় হয়েছে। এখন বাংলাদেশের মানুষ এই রায়গুলোর বাস্তবায়ন দেখতে চায়। শহীদ আবু সাঈদের হত্যা মামলায় রায় কার্যকর হলে অন্যান্য মামলায় গতি আসবে। তাহলে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায় বিচার পাবেন।’তিনি বলেন, ‘দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে আমাদের এক কাতারে দাঁড়ানো উচিত। কিন্তু সেরকম কোনো আলামত সরকারের কাজে দেখতে পাচ্ছি না। তারপরও বিশ্বাস করতে চাই, সরকার জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করবে। তবে তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, বরং আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না।’

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।