ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সময়: ০৮:১২:০০ AM

লাঠিচার্জে উত্তপ্ত দিল্লি ‘চলো সংসদ’ কর্মসূচি

ডেস্ক রিপোটার।। দৈনিক সমবাংলা
20-07-2026 01:05:59 PM
লাঠিচার্জে উত্তপ্ত দিল্লি ‘চলো সংসদ’ কর্মসূচি

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন কর্মসূচি শুরু হতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।এতে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে রোববার দিল্লি পুলিশ পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে।পাশাপাশি যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল কিংবা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানায়, পূর্বানুমতি ছাড়া নির্ধারিত যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ, মিছিল বা সমাবেশ করা যাবে না।

আইন মেনে চলতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এগুলো হলো—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ বন্ধ থাকবে।

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের একাংশের সমর্থন লাভ করে।এদিকে গত শনিবার অনশনরত ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ ঘটনার পর সোমবারের কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

সূত্র: এনডিটিভি