ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সময়: ০৭:১৪:১৮ PM

আলতাফ চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-07-2026 12:40:40 PM
আলতাফ চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার

পটুয়াখালীর স্থানীয় রাজনীতিতে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান  আলতাফ হোসেন চৌধুরীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। তাঁর সমর্থকদের দাবি, একটি সংঘবদ্ধ মহল পরিকল্পিতভাবে তাঁকে একটি স্থানীয় সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে, যদিও ঘটনার সময় তিনি রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছিলেন।

জানা গেছে, গত ১৪ জুলাই আলতাফ হোসেন চৌধুরী একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে চীন সফরে যান। সফরকালীন সময়ে তিনি একটি সেমিনারে বক্তব্যও দেন। এদিকে, তিনি দেশের বাইরে থাকাকালীন তাঁর নির্বাচনী এলাকায় একটি সহিংস ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষতিগ্রস্ত কয়েকজন বিএনপি নেতার বাড়িতে সম্প্রতি হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই হামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা ছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ কিছু স্থানীয় বাসিন্দা অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বাড়িতে পাল্টা হামলা চালান। এতে ওই বাড়ির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিদেশে অবস্থান করেও আলতাফ হোসেন চৌধুরী ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে তাঁর সমর্থকদের অভিযোগ, এসব উদ্যোগের পরও একটি মহল পরিকল্পিতভাবে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, পটুয়াখালীর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি এবং জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার অনুসারীরা বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। অভিযোগকারীদের মতে, এ ধরনের প্রচারণা শুধু একজন নেতার ব্যক্তিগত সুনাম নষ্টের প্রচেষ্টা নয়; বরং দলীয় ঐক্য ও স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক ঘটনাও সেই বিরোধেরই বহিঃপ্রকাশ। তাদের মতে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হলে তা ভবিষ্যতে আরও সংঘাত ও অস্থিরতার জন্ম দিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আমি বিদেশে থাকাকালীন কীভাবে কী ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানি না। তবে এলাকায় একটি ঘটনা ঘটেছে। এটি মূলত স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ফল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি করাটাই যেন কিছু মানুষের কাছে অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কিছু দুষ্কৃতকারী বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একটি সম্প্রদায়ের কিছু ব্যক্তি সংঘবদ্ধভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তবে এসবের বিচার এলাকার জনগণই করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দল সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের প্রতি সমান সম্মান ও সহমর্মিতায় বিশ্বাস করে। আমি সবসময় দলমত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিভ্রান্তিকর প্রচারণা বা বিদ্বেষ ছড়িয়ে সমাজে বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে সংঘটিত কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত শেষ হওয়ার আগেই একে কেন্দ্র করে ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ বা অপপ্রচার চালানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তারা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই উত্তেজনা প্রশমনের কার্যকর উপায়।

স্থানীয় সচেতন মহলেরও অভিমত, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেছেন।