মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক তরুণীকে কুপিয়ে ডান হাতের কব্জি ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এসময় ঠেকাতে গেলে ওই তরুণীর বাবা ও মাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন- ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার।গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়ন বুধবার রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে যান। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে সেলিম হোসেনের মেয়ে স্মৃতি আক্তারের ওপর হামলা চালান।
একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত কব্জির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেন সায়ন। স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এসময় সেলিম হোসেন ও তার স্ত্রী রেবেকা খাতুন গুরুতর আহত হন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান সায়ন।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। সায়ন কেন এ হামলা চালিয়েছেন তা জানা যায়নি।
অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।