ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১১:০৫:২৫ PM

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-02-2026 09:04:37 PM
জামায়াতের ইশতেহারে  ২৬ বিষয়ে অগ্রাধিকার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। দলের ঘোষণায় বলা হয়েছে, ক্ষমতায় আসলে আগামী পাঁচ বছরে সরকার পরিচালনায় তারা ২৬টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। নির্বাচনী ইশতেহারের মূল স্লোগান রাখা হয়েছে ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’। এই ইশতেহারে ২৬টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে উল্লেখিত মূল অগ্রাধিকারসমূহ হলো— জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ গঠন, ইনসাফভিত্তিক একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা, যুবসমাজকে ক্ষমতায়ণ করা, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, প্রযুক্তিনির্ভর সমাজ স্থাপন, ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই এবং স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ, সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং মৌলিক মানবাধিকার রক্ষা করা।
 
ইশতেহারে আরও উল্লেখ রয়েছে, সরকার পরিচালনায় জুলাইয়ের স্বপ্নকে ধারণ করা, কৃষিতে বিপ্লব সৃষ্টি করা, ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘তিন শূন্য ভিশন’ বাস্তবায়ন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপকভিত্তিতে শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
 
অতিরিক্ত প্রাধান্য দেওয়া হয়েছে শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ওপর, প্রবাসীদের সব অধিকার নিশ্চিত করা এবং দেশ গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা, সংখ্যাগুরু-সংখ্যালঘু ভেদাভেদ না রেখে সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা, আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা।
 
দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা, যাতায়াত ব্যবস্থাকে পুনর্বিন্যাস করা এবং বিভাগীয় শহরগুলোর দূরত্ব দুই-তিন ঘণ্টার মধ্যে নামানো, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করা, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ এবং বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা, সার্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালু করা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন—এসব বিষয়ও ইশতেহারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।