ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১০:৫৯:১০ PM

বিএনপি সবার সমান সুযোগে বিশ্বাস করে:জুবাইদা রহমান

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-02-2026 09:12:36 PM
বিএনপি সবার সমান সুযোগে  বিশ্বাস করে:জুবাইদা রহমান

 বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে। মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জুবাইদা রহমান বলেন, আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা। তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই নানা সমস্যা আছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সেসব সমস্যার সমাধান সম্ভব। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, করাইল সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাকশ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয়বিদারক সমস্যার কথা তিনি শুনেছেন। এসব সমস্যা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

তারেক রহমানের সহধর্মিণী আরও বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে। মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি, যেখানে নেতার আগে জনতা।সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ডা. জোবায়দা রহমান বলেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের সমস্যাগুলো আরও মনোযোগ দিয়ে শুনবো, জানবো এবং সমাধানের পথ খুঁজবো। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।