ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১০:৫০:৫১ PM

৫ আগষ্টের যেমন , ১২ফেব্রুয়ারিও তেমনি হবে: নাহিদ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-02-2026 09:06:01 PM
৫ আগষ্টের যেমন , ১২ফেব্রুয়ারিও তেমনি হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট যেভাবে আমরা সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিতেও ঠিক সেভাবেই সফল হয়ে ১১ দলীয় বিজয় নিয়ে ঘরে ফিরব। তিনি বলেন, ভোটের দিন মা-বোনসহ সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের এ প্রার্থী। ঢাকা-১১ আসনের বাড্ডা ও ভাটারা এলাকার চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ ইনফরমাল ইকোনমির সঙ্গে যুক্ত।ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষই এখানকার সংখ্যাগরিষ্ঠ। অথচ শিক্ষিত বেকারের হার ৮ থেকে ১০ শতাংশ হলেও কর্মসংস্থানের কোনো বাস্তব উদ্যোগ নেই।
তিনি বলেন, সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে পুরোপুরি প্রাইভেট হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। একইভাবে পর্যাপ্ত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষাব্যবস্থাও বেসরকারি খাতনির্ভর হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে এলাকার ভয়াবহ জলাবদ্ধতার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। প্রায় ৭০ শতাংশ এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই, যা বছরের পর বছর মানুষের দুর্ভোগ বাড়িয়ে চলেছে।

ঢাকা-১১ আসনের মূল সমস্যাকে রাজনৈতিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখানে সবচেয়ে বড় সংকট হলো ভূমিদস্যুতা। শত শত মানুষের জমি, খাস জমি ও সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে।এর ফলে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আগে প্রধান দুই রাজনৈতিক দল ও তাদের স্থানীয় নেতারা এসব ভূমি দখলের সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেছে।

নাহিদ আরও বলেন, ৫ আগস্টের আগে ভূমি দখলের টাকা প্রধান দুই রাজনৈতিক দলই পেত। রাজনৈতিক কারণে তারা পরস্পরের বিরোধিতা দেখালেও ব্যবসায়িক স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ ছিল।

তিনি অভিযোগ করেন, একজন নেতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে ভূমি দখলের ভাগ মালয়েশিয়া থেকেই পেতেন।