ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৪:১৯:০৭ AM

ইশার আমিরের বাসায় তারেক রহমান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
16-02-2026 09:19:26 PM
ইশার আমিরের বাসায় তারেক রহমান

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় তার সঙ্গে ছিলেন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান।

তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে।

তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে ৬৮ আসনে জয়ী হয়েছে জামায়াত।এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি পেয়েছে ছয়টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।

এ সময় আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।