ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনে সভাপতির নাম প্রস্তাব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাবে সমর্থন জানান।এরপর সংসদের প্রধান বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও এই প্রস্তাব সমর্থন করেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সমর্থন জানিয়ে বিরোধী দল সংসদ সদস্য ডা. তাহের জাতীয় সংসদে বলেন, জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী যার নাম প্রস্তাব করেছেন তিনি অত্যন্ত গ্রহণযোগ্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। তিনি বলেন, তবে এই ধরনের প্রস্তাব করার আগে প্রধানমন্ত্রী অথবা তার প্রতিনিধি বিরোধী দলের সঙ্গে সমন্বয় করলে আরও ভালো হতো।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়। ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম স্পিকার ছাড়া বসতে হলো নতুন সংসদের অধিবেশন।
প্রথম অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা কথা রয়েছে। কিছুক্ষণ পরই এই প্রক্রিয়া শুরু হবে।স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন এবং এ বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।