ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬,
সময়: ০৪:২৯:২৮ PM

সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের

ডেস্ক রিপোটার।। দৈনিক সমবাংলা
03-04-2026 02:47:48 PM
সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের

মার্কিন প্রশাসনে ফের বড় ধরনের রদবদল দেখা গেছে। সেনাবাহিনীর চিফ অব স্টাফকে সরানোর পর অ্যাটর্নি জেনারেলকেও বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রশাসনের ভেতরের অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে তার পদ থেকে সরানো হয়।প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এ সিদ্ধান্ত কার্যকর করেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, জর্জ ৪১তম চিফ অব স্টাফের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন।
সাধারণত সেনাপ্রধানরা চার বছরের জন্য দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন জর্জকে এ পদে মনোনীত করেছিলেন।

তিনি ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে স্নাতক এবং প্রথম উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগানিস্তানের সংঘাতে দায়িত্ব পালন করেছেন।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হতে পারেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ। পেন্টাগনে যোগ দেওয়ার পর থেকেই পিট হেগসেথ নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন।

এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্তের ঘোষণা দেন ট্রাম্প।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্র্বতী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বন্ডিকে সরানোর নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত জেফরি এপস্টিন-সংক্রান্ত তদন্ত নথি প্রকাশ নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। অভিযোগ রয়েছে, বিচার বিভাগ নথিগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেনি।

এর আগে ট্রাম্প আকস্মিকভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোমকেও বরখাস্ত করেছিলেন।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব রদবদল ট্রাম্প প্রশাসনের ভেতরের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে—বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে।সূত্র: বিবিসি