ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬,
সময়: ১০:৫৭:৩৬ PM

যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের আসামিকে গুরুত্বপূর্ণ পদে পোস্টিং

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
05-04-2026 12:58:45 PM
যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের আসামিকে গুরুত্বপূর্ণ পদে পোস্টিং

ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের পর যেসব কর্মকর্তা কোনঠাসা অবস্থায় ছিলেন, সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে পদায়ন করা হচ্ছে। ফাউন্ডেশন সূত্রের দাবি, মহাপরিচালক আঃ সালাম খান সুকৌশলে এসব কর্মকর্তাকে পুনর্বাসন করছেন।

সম্প্রতি জারি করা এক অফিস আদেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. বদরুল আহসানকে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়। তুলনামূলকভাবে জুনিয়র কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি গত ১৫ বছর সিনিয়রদের ডিঙিয়ে পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রায় ১৫০ কোটি টাকার তিনটি হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তাকে ময়মনসিংহের সিরতা ইসলামিক মিশন হাসপাতালে পাঠানো হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তার স্ত্রীও স্বাচিপের একজন নেতা। সর্বশেষ তাকে ঢাকায় এনে নির্ধারিত পদের এক ধাপ ওপরে হালাল সনদ বিভাগের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা এবং তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে। জুলাই আন্দোলনের পর বায়তুল মোকাররম এলাকায় আন্দোলনকারীরা তাকে আটক করে মারধর করলে মসজিদের মুসল্লিরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরবর্তীতে পুলিশের একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাকে আসামি করা হয় বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে আবুল কাশেমকে রাজশাহী থেকে ঢাকায় এনে ইসলামিক মিশনের উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে। অভিযোগ রয়েছে, এ ক্ষেত্রে বহু সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে তাকে এ পদে বসানো হয়েছে। এর আগে একই পদে ঢাকায় তার পদায়নের একটি আদেশ জারি হলেও ধর্মমন্ত্রীর নির্দেশে তা বাতিল করা হয়। তবে মন্ত্রী বিদেশে থাকা অবস্থায় পুনরায় তার পদায়নের আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।