ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সময়: ০২:৩০:০৪ AM

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের

ডেস্ক রিপোটার।। দৈনিক সমবাংলা
11-04-2026 04:53:46 PM
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের

লেবাননের সঙ্গে আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকের আগে ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।শুক্রবার গভীর রাতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করতে আলোচনা করেন। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এই আলোচনা লেবানন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার সূচনা করবে।তিনি বলেন, ‘ইসরায়েল লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। হিজবুল্লাহকে নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়ে তবে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, ‘হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে। তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে শান্তির প্রধান বাধা।


হামলা অব্যাহত, চাপ বাড়ছে
এই কূটনৈতিক উদ্যোগের মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা আরও জোরদার হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার নাবাতিয়েহ জেলার মায়ফাদৌনে একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও বৈরুত উভয়ই আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা সাময়িকভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

অ্যাক্সিওসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন সরকার ও ট্রাম্প প্রশাসন উভয়ই যুদ্ধবিরতির অনুরোধ করেছে, যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা কমানোর অনুরোধ করেছেন। তিনি সতর্ক করেন, হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র-ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।

শনিবার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল।

ইরানের অবস্থান: লেবানন ছাড়া আলোচনা নয়
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ বন্ধও অন্তর্ভুক্ত রয়েছে।

কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যার মধ্যে বুধবারের বড় হামলায় এক হাজারের বেশি মানুষ হতাহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত রেখেছে।

পরবর্তীতে ট্রাম্প বলেন, লেবানন যুদ্ধবিরতির অংশ নয়, যা ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, লেবাননে যুদ্ধবিরতি এবং ফ্রিজ করা ইরানি সম্পদ মুক্ত না হলে তেহরান আলোচনায় বসবে না।

ইরানের সঙ্গে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। তারা ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন।

লেবাননের বাস্তবতা
কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে সংঘাত থামার কোনো লক্ষণ নেই। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি শুরু হলেও তা শত শতবার লঙ্ঘিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর ২ মার্চ হিজবুল্লাহ সীমান্তে পাল্টা হামলা চালায়। এরপর ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

লেবাননের কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বুধবারেই ৩৫০ জনের বেশি মারা যান।

হিজবুল্লাহকে বাদ দিয়ে আলোচনা করতে চাওয়ায় আগামী সপ্তাহের বৈঠক মূলত লেবানন রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির দিকেই কেন্দ্রীভূত হতে পারে। বহুদিন ধরেই এই সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে লেবানন সরকার।
সূত্র: আল জাজিরা