ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সময়: ০৮:৫১:৪৭ AM

প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে ছেলেসহ আহত নারী আইনজীবী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
15-01-2026 09:13:48 PM
প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে ছেলেসহ আহত নারী  আইনজীবী

রাজধানীর মোহাম্মদপুরে নারী আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট শুভ্রা বল ও তার ১২ বছরের শিশুপুত্রের ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তাকে এবং তার দুই ছেলেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট শুভ্রা। চরম নিরাপত্তাহীনতার মুখে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডিনং-১৪৪০) করে হামলার যথাযথ ন্যায়বিচার ও নিরাপত্তা চেয়েছে আতঙ্কিত পরিবারটি। মোহাম্মদপুর থানার জাফরাবাদ কাটাসুরের ইত্যাদির মোড় এলাকার ৩৮৫/১নং বাসায় (হোম জেনিয়াল) স্বামী ও দুই ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন অ্যাডভোকেট শুভ্রা বল। তিনি ফরিদপুর শহরের জুতাপট্টির আলহাজ বদিউর রহমান সড়কের ১/১৫/১/২৬/১নং বাসার স্থায়ী বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও জিডিতে দেওয়া অ্যাডভোকেট শুভ্রা বলের অভিযোগে জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দুই ছেলেকে নিয়ে বড় ছেলের কোচিং শেষে বাসায় ফিরছিলেন তিনি। বাসার কাছেই কাটাসুর ইত্যাদির মোড়ের রাস্তায় দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। হামলাকারীরা শুভ্রা বলকে ভয়-ভীতি ও হুমকিমূলক গালাগালি দিতে এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে ওই নারী আইনজীবীর মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত লাগে এবং পায়ে কাটা জখম হয়। তার বড় ছেলে মাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ চালায়। এতে ১২ বছরের শিশুটিরও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। মা ও দুই ছেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

৪২ বছরের গৃহবধূ শুভ্রা বলের অভিযোগ, ওই হামলার পর থেকে বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে এবং তার সন্তানদেরকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে তাকে সামাজিক ও মানবাধিকারমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে চাপও সৃষ্টি করছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। ফলে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও মানসিক আতঙ্কে দিনযাপন করছেন বলেও জানান অ্যাডভোকেট শুভ্রা।

শুভ্রা বল সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে, আমি আমার সন্তানদের নিয়ে স্বাভাবিকভাবে বাসা থেকে বের হতেও পারছি না। নিরাপত্তার শঙ্কায় আমার সন্তানেরা নিয়মিত স্কুল ও কোচিংয়ে যেতেও ভয় পাচ্ছে। পরিবার নিয়ে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন এবং যেকোনো সময় ফের হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি।’ 
      
ওকালতির পাশাপাশি দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানে যুক্ত থেকে নারী উন্নয়ন, মানবাধিকার ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত অ্যাডভোকেট শুভ্রা বল। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল হয়ে নিজের পায়ে দাঁড়ানো, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত এবং নারী অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে নিয়মিত কাজ করে সুপরিচিত তিনি। অ্যাডভোকেট শুভ্রা বলের অভিযোগ, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুকটাক লেখালেখি করায়ই পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি ও জামায়াতের মতাদর্শ ও নানা কর্মকাণ্ড, বহু বিবাহ সংক্রান্ত বিষয় এবং নারীর স্বাধীনতা ও সামাজিক অগ্রগতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ব্যক্তিগত পরিসরে কিছু সমালোচনামূলক মতামত প্রকাশ করেছিলেন তিনি, যেগুলোকেই তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদের পরিপন্থী হিসেবে বিবেচনা করে তারা। জিডিতেও এর জেরেই তার ও তার ছেলেদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন এই নারী আইনজীবী ও সমাজকর্মী। 

জিডিতে সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া এবং তার ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান অ্যাডভোকেট শুভ্রা বল। এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র।