ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬,
সময়: ০৯:৪৯:১৪ PM

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জুনিয়র রবিনহোর

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
05-05-2026 04:50:54 PM
নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জুনিয়র রবিনহোর

সান্তোসের ড্রেসিংরুম এখন আর শুধু ফুটবলের মাঠ নয়, বরং এক উত্তপ্ত নাটকের মঞ্চে পরিণত হয়েছে। ১৮ বছরের তরুণ প্রতিভা রবিনহো জুনিয়রকে অনুশীলনে লাঞ্ছিত করার অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা নেইমারের বিরুদ্ধে এবার প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তরুণ ফরোয়ার্ডের প্রতিনিধিরা। ঘটনাটি শুধু দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় নয়, পুরো ক্লাবকে এক কঠিন নৈতিক ও আইনি সংকটের মুখে ঠেলে দিয়েছে।ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, রোববার ওই অনুশীলনের পর নেইমার ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়র ও তার মায়ের কাছে মেসেজ পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। সোমবার অনুশীলনেও দুজনকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে। কিন্তু তরুণ খেলোয়াড়ের পরিবার ও প্রতিনিধিরা মনে করছেন, ঘটনাটি জনসমক্ষে ছড়িয়ে পড়ায় শুধু ব্যক্তিগত ক্ষমা যথেষ্ট নয়। ক্লাবের ভাবমূর্তি ও রবিনহোর সম্মান রক্ষায় নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে।সান্তোস কর্তৃপক্ষ এই দাবিতে বেশ অস্বস্তিতে পড়েছে। ক্লাব ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি তাদের লিগ্যাল ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। ফুটবল মহলে গুঞ্জন উঠেছে, এই প্রকাশ্য ক্ষমার দাবি আসলে চুক্তি বাতিলের একটি আইনি কৌশল হতে পারে। তবে রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

এদিকে ক্লাবে নিজের নিরাপত্তা ও সম্মান নিয়ে শঙ্কায় রয়েছেন তরুণ ফরোয়ার্ড। ধারে অন্য কোনো ক্লাবে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে নেইমার এখনও এই বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

সান্তোসের জন্য পরিস্থিতি বেশ চাপের। নেইমারের মতো বিশ্ব তারকার ওপর ক্লাবের অনেক কিছু নির্ভর করে, আবার রবিনহো জুনিয়রের মতো উদীয়মান প্রতিভাকে হারানোও সহজ নয়। মাঠের বাইরের এই অস্থিরতার মধ্যেই মঙ্গলবার কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের দল দেপোর্তিভো রেকোলতার বিপক্ষে মাঠে নামবে সান্তোস।