২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো কয়েক সপ্তাহ বাকি। তবে এরই মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ।বিভিন্ন বেটিং প্রতিষ্ঠান ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্ল্যাটফর্মের পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেন ও ফ্রান্সকে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ।প্রথমবারের মতো তিন দেশ; যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং শক্তিশালী ফ্রান্স, দুই দলেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬.৭ শতাংশ।
তরুণ ও ভারসাম্যপূর্ণ স্কোয়াডের কারণে স্পেনকে নিয়ে আত্মবিশ্বাসী ফুটবলবিশ্ব। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে সামনে রেখে আবারও শক্তিশালী দল গড়ে তুলেছে ফ্রান্স।
শিরোপা জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের দলকে নিয়ে প্রত্যাশাও কম নয়। সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের সম্ভাবনা ধরা হয়েছে ১৩.৩ শতাংশ।
বিশ্বকাপের অন্যতম ঐতিহ্যবাহী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের তালিকায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাবনা ১১.১ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরা হয়েছে ১০.৫ শতাংশ।
বিশেষ করে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা এখনো অনেকটাই নির্ভর করছে ২০২২ বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর।
এছাড়া পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডকেও সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ এবং ৪.৮ শতাংশ।সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই জমে উঠেছে সম্ভাবনার লড়াই। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন কোটি ভক্তের সবচেয়ে বড় কৌতূহল।