ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ১১:৫৫:১১ PM

রেড ক্রিসেন্টে নিয়োগ ও নির্বাচন নিয়ে জটিলতা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-09-2026 08:39:53 PM
রেড ক্রিসেন্টে নিয়োগ ও নির্বাচন নিয়ে জটিলতা

রেড ক্রিসেন্ট সোসাইটিতে তিন ফ্যাসিস্টের ষড়যন্ত্র, প্রশাসনিক জটিলতা ও অনিয়মের অভিযোগের কারনে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ চরমে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে প্রশাসনিক কার্যক্রম, নিয়োগ প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ ও জটিলতা দেখা দিয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারী। এসব ঘটনায় সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, এনামুল হককে ঘিরে প্রায় ৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রটোকল কর্মকর্তা কামালের বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে ষড়যন্ত্র ও প্রশাসনিক অস্থিরতা তৈরির অভিযোগ করেছেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

অন্যদিকে, পিএস আসিফ আলমাসের বিরুদ্ধে ইতোমধ্যে ১৪ জনকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব নিয়োগের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে এবং সংশ্লিষ্ট মহল থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তবে নিয়োগগুলো কীভাবে সম্পন্ন হয়েছে, সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করা হয়েছিল কি না এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে তাই— প্রতিষ্ঠানটির স্বার্থে এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরোধী হিসেবে পরিচিত মোফাক্কের রানার বাসায় নির্বাচনসংক্রান্ত বিষয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। তাদের দাবি, ওই বৈঠকে সংগঠনের নির্বাচন ও নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে এবং এর ফলে চেয়ারম্যানের নেতৃত্ব ও প্রতিষ্ঠানের প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বৈঠকটির উদ্দেশ্য ও সেখানে কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটিকে ক্ষতি করতে ষড়যন্ত্র চলছে।

এই পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। তাদের মতে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

সংশ্লিষ্টরা আরও বলছেন, একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়মতান্ত্রিক নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে  যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি উঠেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ বিষয়ে অনেকের সাথে কথা বললেও কেউই বক্তব্য দিতে রাজি হয়নি। তাই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।