ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬,
সময়: ০২:১০:১৭ AM

পাকিস্তানের দুশ্চিন্তা সিলেটের উইকেট, আগ্রাসী মুডে বাংলাদেশ

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
15-05-2026 09:24:34 PM
পাকিস্তানের দুশ্চিন্তা সিলেটের উইকেট, আগ্রাসী মুডে বাংলাদেশ

সিলেট থেকে: সিলেটের আকাশে থেমে থেমে বৃষ্টি, উইকেটে সবুজের ছাপ। এমন অনিশ্চিত কন্ডিশনের ভেতরেই বাংলাদেশ যেন খুঁজছে নতুন এক ব্যাটিং পরিচয়।সেই পরিচয়ের কেন্দ্রে তানজিদ হাসান তামিম। ‘বাজবল’ ধাঁচের আগ্রাসী ক্রিকেট দর্শনের ভাবনা থেকে তাকে টেস্ট দলে আনা হয়েছিল। বার্তা পরিষ্কার, শুরুটা হতে হবে আক্রমণ দিয়ে। দ্রুত রান, প্রতিপক্ষের পেসারদের ওপর চড়াও, এই চিন্তাই এখন বাংলাদেশের টেস্ট পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
আর সেই ভাবনার বাস্তব রূপ হয়ে শনিবার টেস্ট অভিষেক হতে যাচ্ছে তানজিদের!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের পাশে একসঙ্গে দাঁড়িয়ে পাকিস্তানের ১১ জন ক্রিকেটার। কারও চোখ উইকেটে, কেউ আবার ধীরে ধীরে হাঁটছেন ঘাসের ওপর।

সবাই যেন অচেনা কন্ডিশনকে বোঝার চেষ্টায় ব্যস্ত। সিলেট স্টেডিয়ামে এর আগে কখনো খেলেনি পাকিস্তান। প্রথমবার এই ভেন্যুতে মাঠে নামার আগে উইকেট নিয়ে তাদের বেশ দুশ্চিন্তা। শনিবার (১৬ মে) বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই ভেন্যুতেই শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষটি।
এই ম্যাচ ঘিরে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে উইকেট ও আবহাওয়া। সিলেটের সবুজ উইকেটের সঙ্গে বৃষ্টির শঙ্কা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত দুই দিন ধরেই বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে দুই দলের প্রস্তুতি। পাশাপাশি উইকেট প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটেছে।

শুক্রবার বাংলাদেশের অনুশীলনে একাধিক দফায় বৃষ্টি হস্তক্ষেপ করে। নেটে শুরুতেই ব্যাটিংয়ে নামেন ওপেনার তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, জাকির হাসান ও মুমিনুল হক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুর সেন্ট্রাল উইকেটের এক নেটে ব্যাটিং করেন মুমিনুল ও তানজিদ। অন্য পাশের নেটে ব্যাটিং করেন মুশফিক ও জাকির। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া সাদমান ইসলামের জায়গায় নেওয়া হয়েছে জাকির হাসানকে। যদিও তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। নেট সেশনে তাকে কিছুটা অস্বস্তিকর দেখা গেছে। মূলত স্পিনারদের বিপক্ষে সীমিত অনুশীলনেই ব্যস্ত ছিলেন তিনি।

অন্যদিকে তানজিদ হাসান তামিম ছিলেন তুলনামূলকভাবে স্বচ্ছন্দ। নতুন বলের বিপক্ষে তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। অনেকটাই নিশ্চিত, সাদমানের জায়গায় অভিষেক হচ্ছে তানজিদের। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার পারফরম্যান্স দারুণ। মূলত আক্রমণাত্মক ক্রিকেট খেলার কারণেই তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। যদিও শুক্রবার তিনি ব্যাটিং করেননি, বরং ফিল্ডিং অনুশীলনেই বেশি সময় দিয়েছেন। ফিল্ডিং কোচ আশিকুর রহমানের তত্ত্বাবধানে স্লিপ ক্যাচ ও লং ক্যাচ নিয়ে কাজ করেন তিনি। ঢাকা টেস্টে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান জয়। এ কারণে তাকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে শুক্রবার ফিল্ডিং অনুশীলনে বেশ সাবলীলই মনে হয়েছে জয়কে।

বাংলাদেশের পেস ইউনিট নিয়েও আছে কৌশলগত ভাবনা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে গত দুই দিনের অনুশীলনে ঢাকা টেস্টের একাদশের কেউই বোলিং করেননি। ঢাকা টেস্টের একাদশের বাইরে থাকা শরিফুল ইসলাম আগের দিন টানা বোলিং করেছেন। শুক্রবার কেবল ব্যাটিং অনুশীলন করেছেন। আগের দিন তাসকিন ও রানা ব্যাটিং অনুশীলন করেছেন। সব মিলিয়ে একাদশে পেস আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এবাদত হোসেনের বদলে স্কোয়াডে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। সিলেটের সবুজ উইকেটে তাসকিন ও নাহিদের সঙ্গে কার্যকর ভূমিকায় দেখা যেতে পারে শরিফুলকে।