ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০২:৩২:৩৫ AM

হলিক্রসের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-09-2026 06:53:35 PM
হলিক্রসের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজধানীর ফার্মগেটে অবস্থিত ঐতিহ্যবাহী খ্রিষ্টান মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, অনৈতিক সম্পর্কে প্রলুব্ধ করা এবং একপর্যায়ে জোরপূর্বক গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ব্যবসায় শিক্ষা বিভাগের অনিমেষ সাহা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দেওয়া একাধিক বক্তব্য ও পোস্ট থেকে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষকতা করে আসা অনিমেষ সাহা বিভিন্ন ক্লাব ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি ক্লাসে ও প্রাইভেট কোচিংয়ে মেয়েদের সাথে নিয়মিত কুরুচিপূর্ণ ও দ্ব্যর্থবোধক যৌন রসিকতা করতেন। ভালো নম্বর ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের নিজের কোচিংয়ে পড়তে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা যায়, বিবাহিত ও দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও তিনি তার কোচিংয়ের এক ছাত্রীর সাথে অনৈতিক শারীরিক সম্পর্কে জড়ান। পরবর্তীতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিক্ষক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং জোরপূর্বক গর্ভপাত করান বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি কলেজ প্রশাসনকে জানালে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে মাত্র এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে শিক্ষার্থীরা দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো সামনে আসার পর কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজটির এইচএসসি ২০ ব্যাচের শিক্ষার্থী জেসমিনা জেসমিন অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে এমন অনুপযুক্ত আচরণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, কলেজটিতে পিরিয়ড বা জরুরি প্রয়োজনেও ক্লাস চলাকালীন ওয়াশরুমে যাওয়ার মতো মৌলিক বিষয়ে অযৌক্তিক কড়াকড়ি রয়েছে। মরিয়ম ইসলাম নামে আরেক শিক্ষার্থী জানান, ক্লাসে ঘুমিয়ে পড়ায় তাকে ব্যক্তিগত সম্পর্ক টেনে কুরুচিপূর্ণ রসিকতার শিকার হতে হয়েছিল।
মুমতাহিনা সাহরুন নামের আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, অনিমেষ সাহার অপকর্মের কারণেই কলেজের এক জনপ্রিয় শিক্ষিকা (তিথি মিস) পদত্যাগ করতে বাধ্য হন। তিনি অনিমেষ সাহার ক্লাসরুমের নানা আপত্তিকর মন্তব্য (যেমন— “বাবা হতে পারলাম, কিন্তু daddy হতে পারলাম না”, “জান কিন্তু আমাদের একটাই”, “আহারে! আর কিছু পরার থাকলো না”) এবং অস্বাভাবিক আচরণের কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার অজুহাতে এবং কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও হয়রানির বিষয় সাধারণ শিক্ষার্থীরা বাইরে প্রকাশ করতে পারেন না। এমন স্পর্শকাতর ও গুরুতর অপরাধের পরও প্রশাসনের যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানিয়েছেন।