ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৩:১৫:৫২ AM

সংসদে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
03-09-2026 06:52:05 PM
সংসদে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। পাশাপাশি অন্যান্য সংসদ সদস্য টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

এর আগে, গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি।

ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই নেতা।