বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তারেক রহমান-এর নেতৃত্বে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ধৈর্য ও কৌশলী চিন্তার সমন্বয়ে তিনি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণের পর মাত্র এক মাসের মধ্যেই এক ব্যতিক্রমধর্মী কর্মতৎপরতার নজির স্থাপন করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী ও সাধারণ জনগণ। তাঁর এই নিরলস প্রচেষ্টা শুধু প্রশাসনিক দক্ষতার প্রকাশ নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার একটি সুস্পষ্ট প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। তারেক রহমান বিরোধী দলগুলোর সঙ্গেও সমন্বয়মূলক ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক আচরণ প্রদর্শন করে দেশ পরিচালনা করছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে প্রশংসিত একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর থেকেই তারেক রহমান ঠান্ডা মাথায়, পরিকল্পিত উপায়ে এবং প্রায় ১৬ ঘণ্টা কর্মব্যস্ত সময় পার করে রাষ্ট্র পরিচালনায় মনোনিবেশ করছেন। দেশ পরিচালনার পাশাপাশি দলকেও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলার জন্যও তিনি সক্রিয় রয়েছেন। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রায়ই উপস্থিত থেকে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন, যা দলীয় কাঠামোকে আরও প্রাণবন্ত করে তুলছে।
জনগণের প্রত্যাশা ও নেতৃত্বের প্রতিফলন
রাষ্ট্র পরিচালনার প্রথম একমাসে তারেক রহমান এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যা দেশের বিভিন্ন খাত—সামাজিক সুরক্ষা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসন ও নিরাপত্তা—সবক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। তাঁর এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের মধ্যে যেমন আশাবাদ সৃষ্টি হয়েছে, তেমনি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও এক ধরনের সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।
এই অল্পসময়ে তার নেতৃত্বে গৃহীত উল্লেখযোগ্য ২৮টিরও বেশি পদক্ষেপ তুলে ধরা হলো।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা
রাষ্ট্র পরিচালনার শুরুতেই তিনি মানবিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিয়েছেন। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে ৩৭,৫৬৭ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। মাত্র ২১ দিনের মধ্যে এই কর্মসূচির বাস্তবায়ন সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকারিতার একটি উজ্জ্বল উদাহরণ।
ধর্মীয় সহনশীলতা ও সাম্যের প্রতীক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও গির্জার যাজকদের জন্য সম্মানী চালু করা হয়েছে। এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার উদ্যোগ সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনতে সহায়ক হবে বলে মনে করেন বিজ্ঞজনেরা।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি
বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২৭ হাজার কৃষকের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ এবং প্রায় ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফ তাদের নতুন করে চাষাবাদে উৎসাহিত করবে।
দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতোমধ্যে ৫৪ জেলায় শুরু হয়েছে। এর ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা হ্রাস এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
প্রশাসনিক সংস্কার ও সুশাসনের প্রয়াস
প্রশাসনে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী নিজেই শনিবার অফিস করছেন এবং সরকারি কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করেছেন। এটি প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ভিভিআইপি প্রটোকল হ্রাস করে সাধারণ মানুষের ভোগান্তি কমানো হয়েছে, যা জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একইসাথে এমপিদের বিশেষ সুবিধা বাতিল করে রাষ্ট্রীয় ব্যয় কমানোর পাশাপাশি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন তারেক রহমান।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা
রমজান ও ঈদে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হয়েছে। জ্বালানি খাতে সংকট মোকাবেলায় স্পট এলএনজি ক্রয় করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে।
বিদেশি বিনিয়োগ সহজীকরণে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন আনা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। পাশাপাশি শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ এবং রুগ্ন শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছে বলে দাবি অর্থনীতিবিদদের।
শিক্ষা খাতে সংস্কার হিসেবে পুনর্ভর্তি ফি বাতিল এবং ভর্তি প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রতিযোগিতা নিশ্চিত করবে।
বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা, নতুন শিক্ষক নিয়োগ এবং ক্রীড়া উন্নয়ন কর্মসূচি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
স্বাস্থ্য ও জনকল্যাণে অগ্রগতি
ই-হেলথ কার্ড চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্যখাতে একটি বড় পরিবর্তন আনবে, বিশেষ করে নারীদের অংশগ্রহণ বাড়াবে। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার
চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর উদ্যোগ এবং সাইবার বুলিং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রীয় মূল্যবোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা
সরকারি ব্যয় সংকোচন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ এবং অফিসে বিদ্যুৎ ব্যবহারে সংযম প্রদর্শন করা হয়েছে।
কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা রাষ্ট্রীয় শৃঙ্খলা ও ঐতিহাসিক সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। একইসাথে বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ইন্টারনেট চালুর সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।
নতুন সম্ভাবনার দিগন্ত
রাষ্ট্র পরিচালনার প্রথম একমাসে গৃহীত এই পদক্ষেপগুলো তারেক রহমান-এর দৃঢ় নেতৃত্ব, কর্মনিষ্ঠা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে প্রতীয়মান হচ্ছে। তাঁর এই কর্মযজ্ঞ শুধু প্রশাসনিক দক্ষতার পরিচয় নয়, বরং একটি সমন্বিত ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ের বহিঃপ্রকাশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে তা দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সাধারণ মানুষও তাঁর কর্মকাণ্ডে আশাবাদী হয়ে উঠছে এবং নতুন প্রজন্ম দেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখতে শুরু করেছে।
তারেক রহমানের উচ্চারিত স্লোগান—
“সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—
এখন যেন শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি বাস্তবায়নের পথে এগিয়ে চলা জাতীয় অঙ্গীকার হিসাবে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।।