ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬,
সময়: ১১:২৩:০৮ PM

মহাসচিব পদে রিজভীর নামই সবচেয়ে বেশি আলোচনায়

মান্নান মারুফ
12-08-2026 03:47:43 PM
মহাসচিব পদে রিজভীর নামই সবচেয়ে বেশি আলোচনায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সাংগঠনিক কার্যক্রমে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় যোগাযোগ, দলের প্রতি আনুগত্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে মহাসচিব পদে রুহুল কবির রিজভীর নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীদের একটি বড় অংশ। তাদের মতে, দেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা এবং দলের তৃণমূলের নেতা-কর্মীদের সম্পর্কে প্রত্যক্ষ ধারণা থাকা একজন নেতার প্রয়োজন হলে রিজভীর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকট ও প্রতিকূল সময়ে রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে গত প্রায় ১৭ বছরে দলীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং মামলা-হামলা ও গ্রেপ্তারের মতো কঠিন পরিস্থিতিতেও তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন। ছাড়েননি দলীয় কার্যালয়।বছরের পর বছর কাটিয়েছেন নয়াপল্টনের বিএনপি অফিসে। এ কারণেই তৃণমূলের অনেক নেতা-কর্মীর কাছে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাকালে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময়ে কেন্দ্রীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে রিজভী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়া, রাজনৈতিক কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেওয়া এবং সংকটের সময়ে নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক ভূমিকার কারণে দলের অভ্যন্তরে তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মূল্যায়ন রয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের একটি অংশ মনে করছেন, দলের বর্তমান ও ভবিষ্যৎ সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একজন মহাসচিব প্রয়োজন, যিনি কেন্দ্রের সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে পারবেন এবং একই সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরতে সক্ষম হবেন। তাদের মতে, রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মহাসচিব পদে রিজভী ছাড়াও দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় প্রয়োজন, সাংগঠনিক সক্ষমতা এবং নেতৃত্বের আস্থার বিষয়গুলো বিবেচনায় রুহুল কবির রিজভীকেই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন আলোচনা বিএনপির অভ্যন্তরে রয়েছে। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় রিজভীর ভূমিকা তাকে দলের গুরুত্বপূর্ণ একটি অবস্থানে নিয়ে এসেছে। বিএনপির জন্য আন্দোলন-সংগ্রামের সময়ে তার ধারাবাহিক উপস্থিতি, নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা তার রাজনৈতিক অভিজ্ঞতার অন্যতম দিক।

সব মিলিয়ে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে যখন আলোচনা চলছে, তখন মহাসচিব পদে রুহুল কবির রিজভীর নামই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলের চেয়ারম্যানের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য, দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ—এই তিনটি বিষয় তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখছে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীদের একটি বড় অংশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বই নেবে।