ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
সময়: ০২:১৯:৩৭ PM

রংপুরের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি রিজভীর

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-08-2026 01:13:24 PM
রংপুরের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি রিজভীর

রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর পেছনে জড়িত সিন্ডিকেটের গোপন আস্তানা খুঁজে বের করে তা দ্রুত নির্মূল করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।অপরাধী ও সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে তিনি বলেন, রংপুরের এ ঘটনার পেছনে যেসব সিন্ডিকেট জড়িত, তাদের গোপন আস্তানা কোথায়, তা খুঁজে বের করে দ্রুত নির্মূল করতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই দেশে দুষ্টের দমন হবে।একইসঙ্গে দেশে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকসেবী ও কারবারিরা যাতে কোনোভাবেই আর নিস্তার না পায়, জনগণ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঠিক এ নিশ্চয়তাটুকুই চায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে দলটির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।